Image description

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ১৮৩ রানের বিশাল লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে
কিউইরা। এই ম্যাচে জিততে হলে রেকর্ড গড়তে হবে টাইগারদের, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এর আগে এত বেশি রান তাড়া করে জেতার কোনো নজির বাংলাদেশের নেই।

পরিসংখ্যান অনুযায়ী, কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে রান তাড়া করে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড ১৩৫ রানের, যা ২০২৩ সালে অর্জিত হয়েছিল। ফলে আজকের ১৮৩ রানের লক্ষ্য পাড়ি দেওয়া হবে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের জন্য এক বড় পরীক্ষা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার টিম রবিনসন রান আউটের শিকার হলে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেট জুটিতে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার ৮৮ রানের বিধ্বংসী জুটি গড়ে সেই চাপ সামাল দেন। ক্লার্ক ৩৭ বলে ৫১ এবং ক্লেভার মাত্র ২৮ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন।

মাঝপথে বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ডকে কিছুটা চেপে ধরলে দ্রুত সাজঘরে ফেরেন বেভন জ্যাকবস (১) ও ড্যান ফক্সক্রফট (৩)। এতে রানের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। তবে শেষ দিকে অধিনায়ক নিক কেলির ২৭ বলে ৩৯ এবং জশ ক্লার্কসনের অপরাজিত ৩০ রানের সুবাদে নিউজিল্যান্ড লড়াকু পুঁজি নিশ্চিত করে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লেগ-স্পিনার রিশাদ হোসেন, তিনি ২ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট পান। এখন দেখার বিষয়, পাহাড়সম এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ কতটা সফল হতে পারে।

মানবকণ্ঠ/আরআই