টাঙ্গাইলের সখীপুরে কুকুরের কামড়ে দুদিনে নারীসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এদের একজনকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ও গতকাল রোববার উপজেলার সানবান্দা, বিজ্ঞানাগার, বাগানচালা, ময়থাচালা, উত্তরা মোড়, দেবলচালা, আন্ধি, কালিয়া, ঘোনারচালা, কচুয়া, দামিয়া এলাকায় তারা কুকুরের কামড়ের শিকার হন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রোববার দুপুর ২টার দিকে কালিয়া ইউনিয়নের দেবলচালা গ্রামের আব্দুর রশিদসহ কয়েকজন নারী ও শিশুকে কামড় দিয়ে কুকুরটি সখীপুর পৌর শহরের দিকে ঢুকে। এরপর আন্ধি থেকে পৌর শহরের উত্তরা মোড় পর্যন্ত কমপক্ষে ২০ জনকে কামড় দেয়। গতরাত ১০টার দিকে কুকুরটি দৌড়ে কাহারতা গ্রাম হয়ে কচুয়া চলে যায়। এরপর সোমবার সকালের দিকে কুকুরটি কালিয়া, ঘোনারচালা ও সর্বশেষ দামিয়া গ্রামের বেশ কয়েকজন নারী ও শিশুকে কামড়ায়। আহতদের মধ্যে অন্তত নয়জন শিশু ও ১০ জন নারী রয়েছে। দুদিনে আহতদের মধ্যে ৫৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন বলেন, গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী হাসপাতালে এসেছেন। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও আব্দুর রশিদ নামের একজনকে ঢাকার সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।




Comments