Image description

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনিবার্য কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৭ মে (২০২৬) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা আর হচ্ছে না।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার স্বার্থে এবং অনিবার্য কিছু পরিস্থিতির কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কিছু প্রস্তুতিমূলক ঘাটতি থাকায় নির্বাচনটি স্থগিত করা হয়েছে। আমরা চাই না কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক। খুব দ্রুতই এসব সমস্যার সমাধান করে পরবর্তী তারিখ ও সংশোধিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাজীবী নেতৃত্বের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে পরিচিত। হঠাৎ নির্বাচন স্থগিতের ঘোষণায় ভোটার ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মানবকণ্ঠ/ডিআর