Image description

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে এবার হেলিকপ্টার যুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কোস্ট গার্ড অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। বর্তমান সরকার এই বাহিনীর আধুনিকায়ন ও সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ। হেলিকপ্টার সার্ভিস যুক্ত হলে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল। আজ এটি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সমুদ্রপথে চোরাচালান রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সুন্দরবনের বনজ ও প্রাণিজ সম্পদ রক্ষায় বাহিনীটির ভূমিকা অনস্বীকার্য। গত এক বছরে সুন্দরবনে জলদস্যু দমন ও বন সুরক্ষায় বাহিনীর সাফল্যের খতিয়ানও তুলে ধরেন মন্ত্রী।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেন, "কোস্ট গার্ড এখন সর্বমহলে একটি গ্রহণযোগ্য বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ পর্যন্ত বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে ১৬ জন সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।"
মহাপরিচালক আরও জানান, বর্তমানে বাহিনীতে কিছু জনবল সংকট রয়েছে। এই ঘাটতি পূরণ হলে এবং আধুনিক সরঞ্জাম যুক্ত হলে কোস্ট গার্ড আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করতে পারবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই