Image description

এতদিন পর্দার ওপার থেকে স্বামীকে সমর্থন জুগিয়েছেন, কিন্তু এবার সরাসরি রাজনীতির ‘মাঠের লড়াইয়ে’ নামলেন টালিউড কুইন শুভশ্রী গাঙ্গুলি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে স্বামী রাজ চক্রবর্তীর পক্ষে প্রচারে নেমে ব্যারাকপুরে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

২০২১ সালের নির্বাচনে ব্যারাকপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রাজ চক্রবর্তী। এবারও একই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) ছিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন। আর শেষ মুহূর্তের এই প্রচারে রাজের প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হলেন শুভশ্রী। লালকুঠি এলাকা থেকে শুরু হয়ে মাধব নিবাস পর্যন্ত আয়োজিত এক বিশাল রোড শো-তে অংশ নেন এই তারকা দম্পতি।

তপ্ত রোদ উপেক্ষা করেই রাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছেন শুভশ্রী। এতদিন নিজেকে রাজনৈতিক ময়দান থেকে দূরে রাখলেও স্বামীর প্রতি দায়বদ্ধতা থেকেই এই পদক্ষেপে সামিল হয়েছেন তিনি। তবে শুভশ্রীকে সরাসরি রাজপথে দেখে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে— তবে কি তিনিও রাজনীতিতে নামছেন? যদিও এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, অভিনয়ই তাঁর ধ্যান-জ্ঞান এবং সরাসরি সক্রিয় রাজনীতিতে আসার কোনো ইচ্ছা তাঁর নেই।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই শেষবেলায় প্রচারে কোনো খামতি রাখছেন না রাজ-শুভশ্রী।

উল্লেখ্য, ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রাজ ও শুভশ্রী। তাঁদের ঘরে রয়েছে পুত্র ইউভান ও কন্যা ইলিয়ানা। বর্তমানে অভিনয় ও সংসার সামলানোর পাশাপাশি স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারেও ছায়ার মতো পাশে রয়েছেন শুভশ্রী।

মানবকণ্ঠ/আরআই