বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। প্রতিবেদনে আগামীতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মানোন্নয়নে ১৯টি সুপারিশ করা হয়েছে, যার মধ্যে ৬টি বিষয়কে দেওয়া হয়েছে বিশেষ অগ্রাধিকার। একইসঙ্গে এই নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা পদ্ধতিগত কারচুপির অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে মিশনটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। প্রতিবেদনে প্রত্যাশা করা হয়েছে যে, ভবিষ্যতে প্রার্থিতার অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।
প্রতিবেদন প্রকাশকালে ইভার্স ইজাবস জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। তাঁরা দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণ মিশন জানায়, দীর্ঘ পর্যবেক্ষণ শেষে তারা এমন কোনো তথ্য বা প্রমাণ পায়নি যা বড় ধরনের ‘নির্বাচনী ইঞ্জিনিয়ারিং’ নির্দেশ করে। তবে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়াতে তারা ১৯ দফা সুপারিশ পেশ করেছে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মিশনের পক্ষ থেকে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
মানবকণ্ঠ/আরআই




Comments