Image description

যুক্তরাষ্ট্রের সেনাদের অন্যতম বৃহৎ বিদেশি ঘাঁটির অবস্থান জার্মানিতে। বর্তমানে সেখানে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে। এই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর জন্য চিন্তা করছে যুক্তরাষ্ট্র। 

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’

ট্রাম্পের এ ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরান যুদ্ধকে ঘিরে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে তার উত্তেজনা বাড়ছে। মেরৎস অভিযোগ করেছিলেন, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে—এ মন্তব্যের পরই ট্রাম্প তার সমালোচনা করেন।

এ ছাড়া, ট্রাম্প বারবার জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন, কারণ তারা যুক্তরাষ্ট্র-ইসরাইল পরিচালিত ইরান যুদ্ধকে যথেষ্ট সমর্থন দিচ্ছে না। 

বিশেষ করে, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার জন্য নিজেদের নৌবাহিনী মোতায়েন না করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের সেনাদের অন্যতম বৃহৎ বিদেশি ঘাঁটির অবস্থান জার্মানিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের (Cold War) সময় থেকেই জার্মানি মার্কিন বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান। এটি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় মার্কিন সামরিক অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব বা কেন্দ্র হিসেবে কাজ করে।