রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে মুখ খুলেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ তিনি বাংলাদেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এসব কথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব আর দেশে ফেরেননি। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি জটিলতা থাকায় তিনি বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি আশাবাদী যে বছরের (২০২৬) শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, কত দ্রুত তা ঘটতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই আশাবাদী যে ২০২৬ সালের শেষ দিকে ফিরতে পারব, যদিও কীভাবে ঘটবে তা এখনও জানি না।’
দেশের মাটিতে ফেরা নিয়ে সাকিবের দাবি, আগের ক্রিকেট বোর্ড তাকে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখালেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ‘সবাই বলে আমাকে ফেরাতে চায়, কিন্তু বাস্তবে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি। মুখে বলা আর বাস্তবায়িত করার মধ্যে অনেক পার্থক্য থাকে।’
এদিকে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাকিবের ফেরার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সম্প্রতি মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সাকিবের জন্য আমাদের ক্রিকেটিং সুযোগ-সুবিধা সবসময় খোলা। আইনি বিষয়গুলো মন্ত্রণালয় দেখছে। তারা নমনীয় হওয়ার কথা বলেছেন। আইনি সমস্যা সমাধান করে সাকিব, মাশরাফি বা দুর্জয় ভাইরা ফিরলে আমরা তাদের দুই হাত বাড়িয়ে স্বাগত জানাব।’
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর সাকিবকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। এর আগে তিনি একাধিকবার দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments