দেশে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি নানাভাবে বাস্তবায়নের কথা বলা হলেও এখনো একটি স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি কাঠামো প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজ থেকে ১৩০ বছর আগে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক প্রথম ন্যূনতম মজুরির কথা বলেছিলেন। এরপর বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অনেক আন্দোলন হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজেস এখনো নির্ণীত হয়নি।’
শ্রমিকদের আইনি হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, ‘লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় ২৭ হাজার ৫০০ মামলা ঝুলে আছে। হাজার হাজার শ্রমিক এসব মামলার কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন, যার কোনো প্রতিকার এখনো মেলেনি। বর্তমান সরকার ও আমাদের প্রধানমন্ত্রী শ্রমিকদের এই আইনি জটিলতা নিরসনে এবং তাদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি।’
দেশের শিল্প খাত নিয়ে রিজভী বলেন, ‘বিগত সরকারের আমলে পরিকল্পিতভাবে আদমজীসহ বিভিন্ন জুট মিল ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। আত্মীয়-স্বজনকে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে অনৈতিক সুবিধা দিতেই এসব সচল স্থাপনা বন্ধ করা হয়। আমাদের দাবি, জাতীয় পলিসির মাধ্যমে বন্ধ থাকা জুট মিলগুলো পুনরায় সচল করা হোক, যাতে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হয় এবং দেশের সম্পদ কাজে লাগানো যায়।’
বিএনপির রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘জনসাধারণের মধ্যে আলোচনা আছে যে বিএনপির শুরুটা খুব ভালো হয়েছে। যে দলের শুরু ভালো, তার ভবিষ্যৎও ভালো। দেশ ও জনগণের অধিকার আদায়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments