Image description

প্রায় ১১ মাস কারাভোগের পর মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। দীর্ঘ এই কারাবাস তাকে মানসিকভাবে বদলে দেওয়ার পাশাপাশি সৃজনশীল কাজেও দারুণভাবে অনুপ্রাণিত করেছে। জেলে থাকাকালীন তিনি ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিদ্দিক জানান, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় জড়িয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল তিনি গ্রেপ্তার হন। প্রায় ১০ মাস ২২ দিন কারাভোগের পর চলতি বছরের ১৮ মার্চ তিনি মুক্তি পান।

নিজের পরিবর্তন প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘কারাগারের সময়টা আমি বৃথা যেতে দেইনি। আমি একজন শিল্পী, তাই ভাবলাম সময়টাকে কাজে লাগাই। আল্লাহ আমাকে দারুণভাবে পরিবর্তন করিয়েছেন। আগে দ্বীনের পথে সেভাবে ছিলাম না, কিন্তু জেলে গিয়ে নিয়মিত কোরআন পাঠ এবং পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করি। সেখান থেকেই আমার মাঝে আমূল পরিবর্তন আসে।’

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’ স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে নিরাপদ রেখেছে, আর আমি নিজের ভেতরেই আলোর পথ খুঁজে নিয়েছি। জেলে বসে শুধু নাটক বা সিনেমার গল্প নয়, নিজের জীবন ও পরিবর্তনের গল্প নিয়ে একটি বইও লিখছি।’

তবে দীর্ঘ কারাবাসের ট্রমা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেতা। তিনি জানান, বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং মানসিকভাবে আগের রুটিনে ফেরার চেষ্টা করছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এই নতুন গল্পগুলো নিয়ে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এক সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় থাকা সিদ্দিকুর রহমান ঢাকা ও টাঙ্গাইল থেকে সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দীর্ঘ জেলজীবন তাকে ভিন্ন এক জীবনদর্শন শিখিয়েছে বলে তিনি দাবি করেন।

মানবকণ্ঠ/ডিআর