হরমুজ প্রণালি নিয়ে ইরানের নেওয়া কোনো একতরফা ব্যবস্থার ওপর বিশ্বাস রাখা যায় না বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ।
শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আনোয়ার গারগাশ বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে ইরানের ‘বিশ্বাসঘাতক আগ্রাসনের’ পর হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে দেশটির কোনো একতরফা পদক্ষেপ বা ব্যবস্থার ওপর আস্থা রাখা সম্ভব নয়। উপসাগরীয় দেশগুলোর উদ্বেগের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলের স্বাধীনতার জন্য একমাত্র গ্যারান্টি হতে পারে আন্তর্জাতিক আইন এবং যৌথ আন্তর্জাতিক ইচ্ছাশক্তি।
এদিকে, কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ খলিফা শাহিন আল মারার বলেন, হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাবলি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। বৈশ্বিক সামুদ্রিক চলাচলে অবৈধ হস্তক্ষেপের জন্য ইরানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সমুদ্রপথ। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যাতায়াত করে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের উত্তেজনার জেরে গত প্রায় দুই মাস ধরে এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। এতে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments