পেশাদার ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখলেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা মিডফিল্ডার মামুনুল ইসলাম। ফর্টিস এফসির জার্সিতে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়েই পেশাদার ফুটবলকে চিরবিদায় জানিয়েছেন তিনি।
২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে দেশের ফুটবলে পথচলা শুরু করেছিলেন মামুনুল। এরপর টানা ২১ বছর দেশের অন্যতম সৃজনশীল মিডফিল্ডার হিসেবে আলো ছড়িয়েছেন তিনি। ২০২০ সালে বুরুন্ডির বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামেন এই তারকা। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকলেও ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে সাতটি ম্যাচ খেললেও চলতি মৌসুমে রহমতগঞ্জের বিপক্ষে এই ম্যাচটিই ছিল তার প্রথম ও শেষ উপস্থিতি।
মামুনুলের বিদায়ী ম্যাচটি জয়ে রাঙিয়েছে ফর্টিস এফসি। তারা ম্যাচটি ৩-২ গোলের ব্যবধানে জিতে নেয়। ম্যাচ শেষে এক আবেগঘন পরিবেশে সতীর্থ, ক্লাব কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এই অভিজ্ঞ ফুটবলার।
নিজের অবসর ও বিদায়ী ম্যাচ প্রসঙ্গে মামুনুল জানান, তার বিদায়ের প্রভাব যেন দলের পারফরম্যান্সে না পড়ে, সেদিকেই তার বেশি মনোযোগ ছিল। দলের মূল লক্ষ্য ছিল পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে লিগের শীর্ষ লড়াইয়ে টিকে থাকা এবং সেটি সফল হয়েছে। দেশের শীর্ষ প্রায় সব ক্লাবে খেলতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন তিনি। ফর্টিস এফসির দেওয়া সম্মান ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই ফুটবলার নিজেকে একজন ‘সুখী মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments