Image description

শ্রমিকদের তুচ্ছার্থে ‘তুই’ সম্বোধন করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, “শ্রমিকদের যথাযথ মর্যাদা দিতে হবে। সম্বোধন, আহ্বান কিংবা যে কোনো কথোপকথনের ক্ষেত্রে তাদের সাথে সম্মানের সহিত কথা বলা নিশ্চিত করতে হবে।”

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে ‘জাতীয় শ্রমিক শক্তি’ আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। অথচ তাদের অধিকারগুলো এখনো উপেক্ষিত। বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই নামমাত্র মজুরি দিয়ে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে খেয়ে-পরে বেঁচে থাকা তো দূরের কথা, সাধারণ ভরণপোষণ চালাতেও হিমশিম খাচ্ছেন।”

শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “শ্রমিকের জীবনমান এতই নিচে নেমে গেছে যে, তাদের সন্তানরা পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। বাধ্য হয়ে তাদেরও বংশানুক্রমিকভাবে শ্রমের ঘানি টানতে হচ্ছে। এই চক্র থেকে তাদের বের করে আনতে না পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খাদের কিনারায় পৌঁছেছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে, তাদের জন্য সুবিধাজনক আইন করা হয়েছে। মাত্র সাড়ে ৭ শতাংশ অর্থ ফেরত দিলেই ব্যাংকের মালিকানা ফিরে পাওয়ার বিধানটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই লুটেরা গোষ্ঠীকেই আবারও ব্যাংক খাতের মালিকানায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে।”

সমাবেশে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে শ্রমিকদের জন্য সম্মানজনক জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।

মানবকণ্ঠ/আরআই