Image description

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং রিয়াল ভাঙানো নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত চাঁদপুর ও ঢাকা পুলিশের এক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।

শুক্রবার (১ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর কাছ থেকে প্রায় ২২ হাজার সৌদি রিয়াল (বাংলা টাকায় প্রায় ৮ লাখ টাকা) চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র।

তদন্তের ধারাবাহিকতায় সিটি এসবি’র তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরের মতলব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। তার সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, এসআই জীবন, এসআই দেলোয়ার, এসআই সুজিত চন্দ্র দে, এসআই সাকিব এবং কনস্টেবল তুষারসহ পুলিশের একটি আভিযানিক দল।

রেডিও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে চোর চক্রের সদস্য হাবিবুর রহমানকে অনুসরণ করে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে ডেমরা অতিক্রম করে খিলক্ষেত এলাকায় পৌঁছে বিশেষ পুলিশ সুপার (সিটি এসবি উত্তর) মো. রেজাউল করিমের টিমের সঙ্গে যৌথ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নাদিম নামে আরেক জনকে আটক করা হয়।

পরবর্তীতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৫০০ রিয়ালের ৩৫টি নোটসহ মোট ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া, চুরি হওয়া অর্থের একটি অংশ ভাঙিয়ে নেওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।