Image description

ক্রিকেট মাঠের পাশাপাশি রাজনীতির মাঠেও সরব আলোচনার কেন্দ্রে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ খুলেছেন।  তিনি জানিয়েছেন, রাজনীতির মাঠে ফেরার সুযোগ হলে আবারও আওয়ামী লীগের হয়েই কাজ করতে চান এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব তার রাজনৈতিক আদর্শ ও আনুগত্য নিয়ে সোজাসাপ্টা কথা বলেন। তিনি বলেন, “আমি আওয়ামী লীগের হয়েই মাঠে ফিরব, সেটাই তো হওয়ার কথা। আমার দল পরিবর্তন করার শখ বা ইচ্ছা কোনোটিই নেই। আমি এই কাজ কখনও করিনি।”

দলীয় আনুগত্যের প্রশ্নে সাকিব স্পষ্ট করে বলেন, “আমি যদি কোনো দিন ছোট দলেও নাম লিখিয়েছি, তবে সেই দলের প্রতি সব সময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস আমার কোনোকালেই নেই।”

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চাপের মুখে থাকলেও সাকিব বিশ্বাস করেন, এই পরিস্থিতি স্থায়ী হবে না। তিনি বলেন, “এখন হয়তো নিষিদ্ধ বা দমিয়ে রাখা হচ্ছে, কিন্তু এটা কি আজীবন সম্ভব? কাউকে চিরকাল নিষিদ্ধ করে রাখা যায় না। এটি মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটি বড় অংশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।”

রাজনীতিতে এই ধরণের বিধিনিষেধ দেশের জন্য মঙ্গলজনক নয় উল্লেখ করে সাকিব আরও বলেন, “জোর করে হয়তো কিছুদিন আটকে রাখা সম্ভব, তবে এতে দেশের কোনো উন্নতি হবে কি না বা এতে রাজনীতির জন্য কোনো ভালো দিক আছে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাকিব আল হাসানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ক্রিকেটে তার অবস্থান নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

মানবকণ্ঠ/আরআই