ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। রোববার (৩ মে) ভোররাতে দিল্লির ভিভেক বিহার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজ এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাত ৩টার দিকে যখন ভবনের বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ভবনটি থেকে ১০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, গভীর রাতে আগুন লাগার ফলে বাসিন্দারা জীবন বাঁচাতে ভবন থেকে বের হওয়ার পর্যাপ্ত সময় পাননি, যার ফলে এই বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না এবং আগুনের উৎস কী, তা নিয়ে স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগেও গত ১৮ মার্চ দিল্লির পালাম এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছিল। বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লির ভবনগুলোর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments