Image description

আইনিভাবে বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও বিয়ে এবং ব্যভিচারের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন এই মামলার রায় ঘোষণা করবেন আদালত।

বুধবার (৬ মে) উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রায়ের এই দিন ঠিক করেন। শুনানিকালে নাসির ও তামিমা আদালতে উপস্থিত হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানান, যুক্তিতর্ক উপস্থাপনের সময় তারা আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন এবং সর্বোচ্চ সাজা প্রার্থনা করেছেন। অন্যদিকে, নাসিরের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার আইনজীবী অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম দাবি করেন, অভিযোগ প্রমাণিত হয়নি এবং তারা আসামিদের খালাস প্রার্থনা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালে তামিমা সুলতানার সাথে বাদী রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তবে রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাবস্থাতেই ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। ২০২১ সালে এই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় এবং ওই বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন রাকিব।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় এ পর্যন্ত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং গত ১০ মার্চ আসামিরা আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। আগামী ১০ জুন আদালতের চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই