Image description

ক্রমবর্ধমান প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী হিসাব করলে বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই শক্তিশালী অবস্থান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের অর্থনীতির বহিঃখাতের স্থিতিশীলতাকে ফুটিয়ে তুলছে।
রিজার্ভ বাড়ার পেছনে মূল কারণ হিসেবে প্রবাসী আয়ের গতি বৃদ্ধিকে দেখা হচ্ছে। 

মে মাসের প্রথম পাঁচ দিনেই দেশে ৬১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি। এর মধ্যে গত ৫ মে একদিনেই প্রবাসীরা ১৬১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত সময়ে দেশে মোট ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা এবং রিজার্ভের শক্তিশালী অবস্থান দেশের আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক দায় পরিশোধে সরকারকে বাড়তি স্বস্তি দেবে।

মানবকণ্ঠ/আরআই