Image description

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই গণ-অভ্যুত্থান’ হলে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনসিপিতে নবাগতদের মধ্যে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ী। এছাড়া বিরোধী রাজনৈতিক দল এলডিপি ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীও এদিন আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, "চট্টগ্রামের ইতিহাস মানেই আন্দোলন ও সংগ্রামের ইতিহাস। মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনাকে ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামকে রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত করবে। আমরা একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সাধারণ মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।"

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা চট্টগ্রামে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/ডিআর