Image description

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। 

সোমবার (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত এই হত্যা মামলায় ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে তানভীর সালেহীন ইমনকে আটক করে ডিবি পুলিশ। পরদিন ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তাঁর স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় এসপি ইমনকে গ্রেপ্তার করা হয়েছিল।

মানবকণ্ঠ/ডিআর