Image description

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “মাদক বর্তমানে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সোমবার (১১ মে) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

গ্রাম আদালত ব্যবস্থা পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করে এমপি মান্নান বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। এতে বিচারপ্রার্থী মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্যবস্থা চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে তা অবহেলিত হওয়ায় সমাজে অপরাধ ও মাদকের বিস্তার বেড়েছে।”

সোনারগাঁয়ের পরিকল্পিত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সোনারগাঁকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়তে আমি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।”

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কাঁচাবাজার ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর