ময়মনসিংহ নগরীর নালা (ড্রেন) দখল করে বহুতল ভবন নির্মাণ এবং পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন (মসিক)। সোমবার (১১ মে) সকালে নগরীর নতুন বাজার ও গাঙ্গীনারপাড় এলাকায় সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, নতুন বাজার এলাকায় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন নামক দুটি ভবন সরকারি নালার জায়গা না ছেড়ে নির্মিত হয়েছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া, গার্ডেন সিটি নামক একটি ভবনের বেইজমেন্টের পার্কিংয়ের জায়গা নকশা লঙ্ঘন করে মার্কেট হিসেবে ভাড়া দেওয়ার প্রমাণ পায় সিটি কর্তৃপক্ষ। পার্কিং সুবিধা না থাকায় সড়কে যানবাহন দাঁড়িয়ে থেকে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
সিটি প্রশাসনের কঠোর অবস্থানের মুখে ভবন মালিকরা নিজেদের ভুল স্বীকার করেছেন এবং নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং পার্কিং স্থানে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট ভবনগুলোর সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
অভিযান শেষে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “শহরে অপরিকল্পিত ও নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণের ফলে ড্রেনেজ ব্যবস্থা প্রায় অকেজো হয়ে পড়েছে। আমরা ড্রেনগুলো উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এমনকি মিনা বাজারের মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও যদি পার্কিংয়ের জায়গায় ব্যবসা পরিচালনা করে, তবে তা অত্যন্ত দুঃখজনক। আমি সবাইকে অনুরোধ করব, জনস্বার্থে নিয়ম মেনে ভবন নির্মাণ করুন।”
মসিক কর্মকর্তারা জানান, নগরীর যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments