Image description

বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত ‘স্মার্টকারে’ চড়ে তাকে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে ওয়াকিমুল ইসলামের তৈরি এই বিশেষ গাড়িটি পর্যবেক্ষণ করেন সরকারপ্রধান।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী গাড়িটির উদ্ভাবন ও কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি নিজেই স্মার্টকারটিতে চড়ে বসেন এবং ওয়াকিমুল গাড়িটি চালিয়ে তাঁকে ঘুরিয়ে দেখান। তরুণ ও বিশেষ চাহিদাসম্পন্ন এই মেধাবীর উদ্ভাবনী প্রতিভায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদানের আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগেও গত ২৫ এপ্রিল তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত ‘গো-কার্ট’ (রেসিং কার) পর্যবেক্ষণ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তিনি নিজে গাড়িটি চালিয়ে তরুণ উদ্ভাবককে উৎসাহিত করেছিলেন। মেধাবী তরুণদের নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করতে সরকারপ্রধানের এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর