Image description

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ৫টি মামলায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পাঁচটি লিভ টু আপিল খারিজ করে আজ রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এই আদেশের ফলে আইভীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে মোট ১২টি মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে এই ১২টি মামলার মধ্যে ৭টির এজাহারেই তার নাম ছিল না। বর্তমানে এই মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের রাজনীতিতে এক অত্যন্ত জনপ্রিয় নাম। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে জয়লাভ করেন এবং টানা তিন মেয়াদে মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।