Image description

ভারতের আসাম রাজ্যে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের রংপুরসহ উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা। শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়, যা ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্রস্থল বাংলাদেশের সীমান্ত ঘেঁষা হওয়ায় রংপুর বিভাগের জেলাগুলোতে কম্পনটি বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটি ছিল অগভীর প্রকৃতির। সাধারণত অগভীর ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় কম্পনের তীব্রতা বেশি থাকে। বাংলাদেশে এই কম্পন স্থায়ী হয়েছিল কয়েক সেকেন্ড।

এদিকে ভূমিকম্পের পরপরই উত্তরবঙ্গের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আতঙ্ক ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তবে এখন পর্যন্ত কোনো জেলা থেকে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, হিমালয় পাদদেশীয় অঞ্চলে নিয়মিত ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/আরআই