রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই প্রযুক্তিনির্ভর ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে ৩০০-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মামলা হবে।
সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরায় অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীকে আধুনিকায়ন এবং স্মার্ট সিটিতে রূপান্তর করার লক্ষ্যেই আমরা এই ডিজিটাল নজরদারি শুরু করেছি। এখন থেকে কোনো যানবাহন সিগন্যাল অমান্য করা, অবৈধ ক্রসিং বা উল্টোপথে চলাচল করলেই এআই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে। এই পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত করতে যার বিরুদ্ধে মামলা হবে, তিনি নিজেই লিংকের মাধ্যমে ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন।’ তিনি আরও যোগ করেন, এই উদ্যোগের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং সড়কে শৃঙ্খলা ও নিয়ম ফিরিয়ে আনা।
কমিশনার জানান, আপাতত রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট ও এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। খুব দ্রুতই শহরের আরও ৩০টি পয়েন্টে এই সেবা সম্প্রসারণ করা হবে। এই পদ্ধতি চালু হওয়ার ফলে ট্রাফিক পুলিশের ওপর শারীরিক চাপ কমবে এবং যান্ত্রিক উপায়ে আইন প্রয়োগ করা সহজ হবে।
অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এআই প্রযুক্তির ব্যবহারের ফলে ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং নগরবাসী উন্নত ট্রাফিক সেবা পাবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments