ঈদযাত্রায় ৯৪টি স্পটে যানজটের শঙ্কা, মাঠে নামছে বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের মহাসড়কগুলোতে যানজটের সম্ভাব্য ৯৪টি ‘ঝুঁকিপূর্ণ’ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এসব পয়েন্টে ঈদপূর্ব ও পরবর্তী সময়ে বিশেষ নজরদারি ও মনিটরিং নিশ্চিত করা হবে। সোমবার (১১ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রস্তুতিমূলক সভায় এই তথ্য জানানো হয়।
বৈঠক শেষে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, চিহ্নিত ৯৪টি স্পটের মধ্যে ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ২৫টি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫টি, ঢাকা-সিলেট মহাসড়কে ২১টি, ঢাকা-আরিচা মহাসড়কে ৭টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭টি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮টি এবং ঢাকা-বরিশাল মহাসড়কে ১টি স্পট রয়েছে।
মন্ত্রী বলেন, ‘গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ ও অস্থায়ী কাউন্টার নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। বিশেষ করে এবার বৃষ্টির শঙ্কা থাকায় এবং পশুবাহী যানবাহনের বাড়তি চাপের কারণে ঈদযাত্রা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।’
পোশাক শ্রমিকদের ছুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবার একদিনে সব গার্মেন্টস ছুটি হওয়ায় গাজীপুর এলাকায় প্রায় ১৫ লাখ মানুষের চাপ তৈরি হয়েছিল। এবার বিশৃঙ্খলা এড়াতে বিজিএমইএ-কে তিন ধাপে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি মহাসড়কের ওপর বা পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে স্থানীয় সরকারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে সড়কমন্ত্রী জানান, ২০ থেকে ৩১ মে পর্যন্ত বিআরটিএ-তে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট ঠেকাতে সারাদেশে ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন করা হবে। নৌপথে নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বাস থেকে নামিয়ে ফেরিতে তোলা হবে এবং পন্টুনে ব্যারিকেড ব্যবস্থা রাখা হবে।
সাক্ষাৎকারে মন্ত্রী আবারও দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের সরকারি পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, অপ্রয়োজনীয় প্রকল্প এড়িয়ে জনগুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণে সরকার গুরুত্ব দিচ্ছে। এছাড়া ঈদ উপলক্ষে বিআরটিসি বিশেষ বাস সার্ভিস চালু করবে এবং চালকদের ডোপ টেস্টের আওতায় আনা হবে।
সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য ও শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments