প্রতিবন্ধীদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশে চালু হচ্ছে ‘শিশু স্বর্গ’ প্রকল্প
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি নতুন পাইলট প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত এই সভায় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা রক্ষা এবং তাদের সক্ষমতা মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সমাজ ও রাষ্ট্রের মূল স্রোতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের জন্য কেবল সহানুভূতি নয়, বরং বাস্তবভিত্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
অবকাঠামো নির্মাণে পরিবর্তন আনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি সব স্থাপনা, বিশেষ করে হাসপাতাল ও রেস্তোরাঁয় হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সুব্যবস্থা থাকতে হবে। প্রতিটি ভবনের দরজা এবং টয়লেট সুবিধা এমনভাবে তৈরি করতে হবে যেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা কোনো ধরনের বাধা ছাড়াই চলাফেরা করতে পারেন।
পরিবহন খাতের আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের জন্য সরকার যে ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা করছে, সেখানেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ আসন ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে। এছাড়া সারাদেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলোর মান ও কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
শিশুদের মানসিক বিকাশের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বিশেষ প্রচারণামূলক অনুষ্ঠান তৈরির নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments