Image description

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঝরেছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি আরো বাড়তে পারে। এই বৃষ্টি অন্তত চার দিন অব্যাহত থাকতে পারে।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। 

আগামীকাল থেকে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নোয়াখালী ও উত্তর চট্টগ্রামে বৃষ্টি হতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চল রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বাড়বে এবং এই বৃষ্টিপাত আগামী ১৭ মে পযর্ন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চকমানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
পূর্বাভাসে জানিয়েছে, ঢাকায় দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসের আর্দ্রাতা ছিল ৯৬ শতাংশ। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস সিলেটে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল নোয়াখালী রামগতিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।