Image description

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো নৃশংস হত্যাযজ্ঞের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এই মামলায় তাঁদের আজ বৃহস্পতিবার (১৪ মে) আদালতে তোলা হয়।

সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন এবং ১৪ মে তাঁদের হাজিরের দিন ধার্য করেন। শুনানিতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম অভিযোগ করেন, শাপলা চত্বরে যখন গণহত্যা চালানো হয়, তখন ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই পৈশাচিক অভিযানকে ‘উচ্ছৃঙ্খল মানুষ নির্মূল’ হিসেবে প্রচার করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করেছেন। অন্যদিকে মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা তাঁদের গণমাধ্যমের অপব্যবহার করে এই সমাবেশের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। এই মামলায় ইতিপূর্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং সাবেক মেজ জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ছয়জন উচ্চপদস্থ ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সেই অভিযানে ঢাকাসহ সারা দেশে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। এর মধ্যে কেবল ঢাকাতেই ৩২ জনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

মানবকণ্ঠ/আরআই