Image description

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার বড় ধরনের ছক নস্যাৎ করে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, জাল নোট কেনাবেচার গোপন খবরের ভিত্তিতে প্রথমে উত্তরায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুলাল ও মামুন নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাদের আস্তানা থেকে ৩৪ লাখ টাকার জাল নোট এবং এসব ছাপানোর কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাগজ, কালি ও বিশেষ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম আরও বলেন, ‘এই চক্রটি কোরবানির ঈদকে লক্ষ্য করে পশুর হাটগুলোতে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে আশঙ্কার বিষয় হলো, গ্রেফতারের আগেই তারা মার্কেটে বিপুল সংখ্যক জাল নোট ছড়িয়ে দিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।’

পশুর হাটে লেনদেনের বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, প্রতিটি বড় হাটে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকারী মেশিন বসানো হবে। তবে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের লেনদেনের সময় নিজস্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ পৃথক এক অভিযানে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে ছয় চীনা নাগরিককে গ্রেফতার করেছে। ডিবির দাবি, এই বিদেশিরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাইবার অপরাধ চালিয়ে আসছিল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস এবং অসংখ্য ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।

মানবকণ্ঠ/আরআই