চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানাজায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপি এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে যে অনন্য অবদান রেখেছেন, মানুষ তা কৃতজ্ঞতার সাথে চিরকাল স্মরণ করবে। তিনি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতেন।’
জানাজায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফজলুল হক, সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। তাঁরা প্রত্যেকেই মহান মুক্তিযুদ্ধে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাহসী ভূমিকা এবং দেশ গঠনে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর তাঁর মরদেহ জন্মভিটা মিরসরাইয়ের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় উপস্থিত নেতাকর্মীদের কেউ কেউ ‘জয় বাংলা’ স্লোগান দেন।
পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে সাবেদুর রহমান সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘বাবা শেষদিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। আপনারা তাঁর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাঁকে জান্নাতবাসী করেন।’
উল্লেখ্য, গত বুধবার (১৩ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি রাজনীতিবিদ। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রকৌশলী হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি দেশের একজন সফল শিল্পপতি ও রাজনৈতিক নীতিনির্ধারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments