পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আগামী ১৭ মে (রোববার) দেশটির সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। ওইদিন চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
শুক্রবার (১৫ মে) সৌদি সুপ্রিম কোর্ট এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মে সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন সূর্যাস্তের পর দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওইদিন চাঁদ দেখা যায়, তবে ১৮ মে জিলহজ মাস শুরু হবে। সেক্ষেত্রে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।
তবে ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে এবং হজ হবে ২৭ মে। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যদি কেউ খালি চোখে বা টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখতে পান, তবে যেন নিকটস্থ আদালত বা সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে বিষয়টি অবহিত করেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক প্রতিবেদনে জানিয়েছে, জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তাদের গণনা অনুযায়ী, ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে এবার ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।
মানবকণ্ঠ/ডিআর




Comments