Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। শুক্রবার (১৫ মে) বিকেলে চন্দনাইশ উপজেলার মক্কা পেট্রল পাম্প সংলগ্ন মাঠে এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে এলডিপির গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন নেতা ও তাদের অনুসারীরা বিএনপিতে শামিল হন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—চন্দনাইশ উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত এক হাজার কর্মী-সমর্থক দলবদল করেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, চন্দনাইশ পৌর যুবদলের আহ্বায়ক আজম খান ও সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ বলেন, “আজকের এই গণযোগদানের ফলে চন্দনাইশে এলডিপি কার্যত বিলুপ্তির পথে। বিভিন্ন ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ নেতাকর্মী আজ বিএনপিতে যোগ দিয়েছেন। এদের মধ্যে দুই শতাধিক পদধারী নেতা রয়েছেন। আমরা তাদের স্বাগত জানাই এবং শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।”

যোগদানকারী নেতারা জানান, এলডিপির বর্তমান কার্যক্রমে তারা হতাশ হয়ে এবং দেশের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ নবাগতদের ধন্যবাদ জানিয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মানবকণ্ঠ/ডিআর