দেশের জ্বালানি চাহিদা পূরণে চলতি মে মাসে মোট ১৯টি তেলবাহী জাহাজ দেশে আসছে। এর মধ্যে ইতোমধ্যে ১৪টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং মাসের বাকি সময়ের মধ্যে আরও ৫টি জাহাজ বন্দরে নোঙর করবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
শুক্রবার (১৫ মে) বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, বর্তমানে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে।
বিপিসির তথ্যমতে, মে মাসে আগত ১৯টি জাহাজে মোট ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল রয়েছে। এসব জ্বালানি দেশের বিভিন্ন খাতে ব্যবহারের জন্য সংরক্ষণ ও বিতরণ করা হবে।
তিনি আরও জানান, আগামী জুন মাসের জন্যও এখন পর্যন্ত ১৬টি পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী জাহাজ নিশ্চিত করা হয়েছে। ফলে আগামী মাসেও দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
বিপিসি সূত্র জানায়, জ্বালানি তেল আমদানি সরকার ও বিপিসির একটি চলমান প্রক্রিয়া। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করা হচ্ছে।
এদিকে, ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
এর আগে, গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল বহনকারী ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়।
মানবকণ্ঠ/আরআই




Comments