একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জনসাধারণের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৬ মে) দিনব্যাপী সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী চাঁদপুরের দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আয়োজিত একটি বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সফরের বিস্তারিত সময়সূচি: শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় 'খোর্দ্দ খাল' পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দুপুরের পর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন 'বিশ্ব খাল' পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর আড়াইটায় সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে জনসাধারণের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি।
সফরের শেষাংশে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
মানবকণ্ঠ/আরআই




Comments