সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানি ব্যাটারদের ওপর রীতিমতো শাসন চালাচ্ছেন বাংলাদেশের বোলাররা। প্রথম দিনের শেষ দিকে বিনা উইকেটে ২১ রান করে স্বস্তিতে দিন শেষ করলেও, দ্বিতীয় দিনের সকালেই সেই স্বস্তি উবে গেছে শান মাসুদের দলের। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা।
রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের রানের সঙ্গে মাত্র ১ রান যোগ হতেই আঘাত হানেন স্পিডস্টার তাসকিন আহমেদ। দলীয় ২২ রানে ব্যক্তিগত ১৫ রান করা আব্দুল্লাহ ফজলকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারেই ফের আঘাত হানেন তাসকিন, এবার তার শিকার অন্য ওপেনার আজান আওয়াইস। মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
প্রাথমিক ধাক্কা সামাল দিতে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। তবে সেই জুটিও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেহেদী হাসান মিরাজ। দলীয় ৬১ রানে শান মাসুদকে এবং দলীয় ৭৯ রানে সাউদ শাকিলকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে চরম বিপদে ফেলেন এই অফস্পিনার।
তবে একপ্রান্ত আগলে রেখে লড়ে যাচ্ছেন অভিজ্ঞ বাবর আজম। সেশনের বাকি সময়টুকু সালমান আগাকে নিয়ে নির্বিঘ্নে পার করে দেন তিনি। ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে পাকিস্তান। বাবর ৫৮ বলে ৩৭ এবং সালমান ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ থেকে তারা এখনও ১৮২ রানে পিছিয়ে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হয়। মিরপুর টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। সিলেটে এই ম্যাচটি জয় কিংবা ড্র করতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।
মানবকণ্ঠ/আরআই




Comments