মায়ের দুধ ও পুষ্টির অভাবেই হামে আক্রান্ত হচ্ছে শিশুরা: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, মূলত অপুষ্টি এবং জন্মপরবর্তী শালদুধসহ মায়ের বুকের দুধ পর্যাপ্ত না পাওয়ার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, যার ফলে ৬ থেকে ৯ মাস বয়সি শিশুরাও এখন হামে আক্রান্ত হচ্ছে।
রোববার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে গিয়ে দেখেছি অনেক মা নিজেই অপুষ্টিতে ভুগছেন। ফলে শিশুর শরীরে প্রয়োজনীয় ইমিউনিটি তৈরি হচ্ছে না। ২০২০ সালের পর দেশে টিকাদান কর্মসূচিতে যে বড় ঘাটতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এখন জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে।’
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম রোগী এবং বাকি ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে।
মন্ত্রী আরও জানান, অনেক শিশু হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তবে সরকার ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় পর্যাপ্ত টিকা সংগ্রহ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান জোরদার করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও মন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধেই এখন বেশি গুরুত্ব দিতে হবে।
অন্যদিকে, হামে শিশু মৃত্যুর প্রতিবাদে রোববার রাজধানীতে এক প্রতীকী ‘কফিন মিছিল’ বের করে বিক্ষুব্ধ জনতা। মিছিলটি মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে ১ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেমিনারে ড্যাব নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments