Image description

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরের পাঁচ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। সাধারণত দৈনিক একটি নির্দিষ্ট সময় সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে, তবে এই ১৩ দিন সেই নিয়ম শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় সরকার সাত দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস বন্ধ থাকবে। এই সময়ে রাজধানীসহ বড় শহরগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ নাড়ির টানে গ্রামের বাড়িতে ফিরবেন। এছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে রাস্তায় পরিবহনের চাপ বাড়বে। পরিবহন মালিক ও সাধারণ যাত্রীদের জ্বালানি সংকট এড়াতে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই