মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখে পড়েন বলিউড সুপারস্টার গোবিন্দ। তবে নিজের উদারতা ও মার্জিত আচরণের মাধ্যমে মুহূর্তেই পরিস্থিতি সামলে নিয়ে নেটিজেনদের মন জয় করেছেন ‘হিরো নাম্বার ওয়ান’ খ্যাত এই অভিনেতা। পাপারাজ্জির কাছে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ঘটনাটি ঘটে মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘মিসেস ইন্ডিয়া কুইন পেহচান মেরি সিজন ফোর’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে। গোবিন্দ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি যখন বের হচ্ছিলেন, তখন ভক্ত ও পাপারাজ্জিদের উপচে পড়া ভিড় জমে যায়। এ সময় ভিড় সামলাতে গিয়ে গোবিন্দর এক ব্যক্তিগত নিরাপত্তাকর্মী এক পাপারাজ্জিকে ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে এগিয়ে আসেন খোদ গোবিন্দ। তিনি নিজের নিরাপত্তাকর্মীকে থামার নির্দেশ দেন এবং ওই পাপারাজ্জিকে ‘বন্ধু’ সম্বোধন করে শান্ত করার চেষ্টা করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীর আচরণের জন্য গোবিন্দ অত্যন্ত বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছেন এবং পাপারাজ্জির কাছে ক্ষমা চেয়ে গাড়িতে উঠে যাচ্ছেন।
গোবিন্দর এমন বিনয়ী আচরণে মুগ্ধ নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেই তার প্রশংসা করে লিখছেন, “গোবিন্দ কেবল পর্দায় নয়, বাস্তবেও একজন হিরো।” অন্য একজন মন্তব্য করেছেন, “বিশাল জনপ্রিয়তার অধিকারী হয়েও তার এই সাধারণ জীবনযাপন ও বিনয় সত্যিই শিক্ষণীয়।”
আশির দশকে বলিউড যাত্রা শুরু করা গোবিন্দ নব্বইয়ের দশকে ‘কুলি নাম্বার ওয়ান’, ‘রাজা বাবু’ বা ‘হিরো নাম্বার ওয়ান’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। দীর্ঘ দিন বড় পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের হৃদয়ে তার জায়গা যে আজও অটুট, তা এই ঘটনার মাধ্যমেই আবারও প্রমাণিত হলো।
মানবকণ্ঠ/আরআই




Comments