ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।
আদালতের এই আদেশের ফলে আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ঢাকা শহরের ফুটপাত ও রাস্তা হকারদের বরাদ্দ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। আজ আদালতে তিনি নিজেই রিট আবেদনের পক্ষে শুনানি করেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. ফিরোজ হাওলাদার, ওবায়দুল্লাহ আল মামুন সাকিবসহ একঝাঁক আইনজীবী।
আদেশের পর রিটকারী আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের বলেন, "ফুটপাত ও রাস্তা মূলত সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য। কিন্তু নীতিমালা তৈরি করে সেখানে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া সংবিধান প্রদত্ত চলাচলের স্বাধীনতার পরিপন্থী। এর ফলে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন।"
তিনি আরও উল্লেখ করেন, সড়ক পরিবহন আইনের ৩৭ ধারা অনুযায়ী রাস্তার উভয় পাশে অন্তত ১০ মিটার জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। কিন্তু হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়ার মাধ্যমে এই আইনের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ও চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
মানবকণ্ঠ/আরআই




Comments