Image description

দালালদের প্ররোচনায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমানো আরও ১৭০ জন বাংলাদেশি শেষ পর্যন্ত শূন্য হাতে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় লিবিয়ার বেনগাজী থেকে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকারের সক্রিয় সহযোগিতায় ডিটেনশন সেন্টারে থাকা এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফিরে আসা এই প্রবাসীদের অধিকাংশই দালালের খপ্পরে পড়ে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার নেশায় লিবিয়ায় ঢুকেছিলেন। সেখানে যাওয়ার পর তাদের অনেককে অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জীবন বাঁচিয়ে দেশে ফিরতে পেরে তাদের চোখে-মুখে এখন স্বস্তির ছাপ।

বিমানবন্দরে প্রত্যাবাসিতদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা। আইওএম-এর পক্ষ থেকে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, খাবার ও বাড়ি ফেরার জন্য পথখরচা প্রদান করা হয়েছে। এছাড়া যাদের প্রয়োজন, তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফিরে আসা ব্যক্তিদের নিজেদের তিক্ত অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে। লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে আটকে পড়া অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই