Image description

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হয়। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে তানজিম সারোয়ার নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার একজন ডাকাতকে আটক করলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য ডাকাতরা। একপর্যায়ে লেফটেন্যান্ট নির্জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।