Image description

শোবিজ অঙ্গনে হরহামেশা সংসার ভাঙার খবর শোনা যায়। এর মধ্যে ব্যতিক্রমও আছে। তেমনই এক দাম্পতি হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অনিল কাপুর ও সুনীতা কাপুর। এক ছাদের নিচে দম্পত্য জীনের ৪২ বছর কাটিয়ে দিয়েছেন তারা। মঙ্গলবার বিবাহবার্ষিকীর দিন ইনস্টাগ্রামে স্ত্রী সুনীতার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনিল।

শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি তাদের বিয়ের সময়ের ও বাকিগুলো গত কয়েক দশকে একসঙ্গে কাটানো নানা মুহূর্তের। ছবিগুলোর পাশাপাশি সুনীতার প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন কথাও লিখেছেন অভিনেতা।

বিয়ে স্মৃতিচারণ করে অনিল কাপুর লিখেছেন, ‘৪২ বছরের বিয়ে। ৫৩ বছরের পথচলা। আর কোনও একভাবে, প্রতিটা বছরই আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ মনে হয়। কোনও হানিমুন বা জাঁকজমক ছাড়া মাত্র ৩০ মিনিটের মধ্যে হওয়া অত্যন্ত সাধারণ একটি বিয়ে ছিল আমাদের।’

তিনি আরও লিখেছেন, ‘শুধু আমাদের বাবা-মা, কয়েকজন ঘনিষ্ঠ মানুষ এবং আমরা দু’জন ছিলাম। আমি কখনও ভাবিনি যে সেই ৩০ মিনিট দেখতে দেখতে ৫৩ বছরে রূপ নেবে। লোকে বলে, বিয়ে স্বর্গে পরিণত হয় হয়-আমাদেরটা নিশ্চিতভাবে তাই ছিল।’

অভিনেতা আরও যোগ করেন, সুনীতার ভালবাসার কারণে তিনি নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে পেরেছেন এবং প্রতিটি ঝুঁকি নিতে পেরেছেন। সুনীতাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু ও সঙ্গী হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন অনিল।

অনিল ও সুনীতার গল্পে শুরু ১৯৭০-এর দশকের শেষের দিকে, যখন অনিল কাপুর বলিউডের বড় তারকা হয়ে ওঠেননি। সুনীতা তখন মডেলিং জগতের বেশ পরিচিত মুখ। বন্ধুদের একটি প্রাঙ্ক কলের মাধ্যমে তাঁদের প্রথম কথা হয়।

অনিল জানান, সুনীতার গলার আওয়াজেই তিনি প্রথম আকৃষ্ট হয়েছিলেন এবং পরে রাজ কাপুরের বাড়িতে সুনীতাকে দেখে তার ভীষণ ভালো লেগে যায়। দীর্ঘ ১০ বছর প্রেম করার পর ১৯৮৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।