Image description

জ্বালানি তেলের লাগামহীন মূল্যের কারণে রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য। এর ফলে তারা তৃতীয় কোনো দেশে পরিশোধিত জেট ফুয়েল ও ডিজেল আমদানি করতে পারবে।

আমদানি সংক্রান্ত এই অনুমোদনটি বুধবার থেকে কার্যকর হয়েছে। তবে শেষ হওয়ার মেয়াদ জানানো হয়নি। বলা হয়েছে, এটি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মুখে কিয়ার স্টারমার প্রশাসন এমন সিদ্ধান্ত নিলো।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার ওপর চাপ তৈরির চেষ্টা করছিল পশ্চিমা দেশগুলো। এতে নেতৃত্ব দেয় যুক্তরাজ্য। মঙ্গলবারও তারা রাশিয়ার ওপর চাপ তৈরির প্রতিশ্রুতি সংক্রান্ত জি-৭ এর একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। জি-৭ বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর একটি ফোরাম।

এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করে। এ সংক্রান্ত নির্দেশনায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, সাগরে ভাসমান রুশ তেলের ট্যাঙ্কার থেকে সংকটে থাকা দেশগুলো তেল কিনতে পারবে। 

যুক্তরাজ্য নিষেধাজ্ঞা শিথিল করায় আমদানিকারকরা ভারত থেকে জেট ফুয়েল কিনতে পারবেন। নয়াদিল্লি যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস। তুরস্কও রাশিয়ার তেল পরিশোধন করে।