পাকিস্তানে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি। বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে দুই পাইলটই প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সফল হন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিমানের ইঞ্জিনে আকস্মিক প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: সিনহুয়ার প্রতিবেদন অবলম্বনে
মানবকণ্ঠ/আরআই




Comments