Image description

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাবাহিনী তাদের মাঠপর্যায়ের দায়িত্ব পালন শেষে পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত ‘বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সেনাপ্রধান বলেন, ‘২০২৪ সালের একটি বিশেষ ক্রান্তিলগ্নে দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সেনা সদস্যরা এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। ওই কঠিন সময়ে সেনাবাহিনীর অনবদ্য ভূমিকার কথা জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।’

টানা ১৮ মাস মাঠপর্যায়ে ব্যস্ত থাকার পরও ফায়ারিং প্রতিযোগিতায় সেনাসদস্যদের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দীর্ঘদিন মাঠে দায়িত্ব পালনের ক্লান্তি সত্ত্বেও প্রতিযোগিতায় যে দক্ষতা ও লক্ষ্যভেদ আপনারা প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।’

অনুষ্ঠান শেষে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশনের মোট ১৭টি দল অংশ নেয়। এর মধ্যে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১৬ মে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।

অনুষ্ঠানে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই