Image description

বরিশাল নগরীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মে) সকাল ৭টার দিকে নগরের বিএম কলেজ সংলগ্ন মধু মিয়ার গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয় যে, ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল সমর্থক ওই এলাকায় জড়ো হয়েছে। এই খবরের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একটি দল সেখানে দ্রুত অভিযান পরিচালনা করে।

কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম মো. নাসিম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা রক্ষায় এবং নাশকতামূলক কর্মকাণ্ড রোধে এই অভিযান চালানো হয়েছে।

আমিনুল ইসলাম ইমরান, রাতুল খান, জাকারিয়া মীর, ইমন ভূঁইয়া, মো. ইব্রাহিম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মো. মোরছালিন এবং রবিউল ইসলাম।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। কোতোয়ালি মডেল থানার এসআই ইশতিয়াক আল মামুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে এই মামলাটি করেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।