বিএনপির আসন্ন ঢাকা মহানগর কমিটির পুনর্গঠনকে কেন্দ্র করে দলটির তৃণমূল নেতাকর্মীদের মাঝে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাদের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়নের দাবি উঠেছে। এই প্রক্রিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে শীর্ষ পদে বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আরিফুল ইসলাম আরিফ দীর্ঘদিন রমনা থানা বিএনপির সভাপতি এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, ঢাকা মহানগর বিএনপিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও সুসংগঠিত ও গতিশীল করতে অভিজ্ঞ ও মাঠপর্যায়ের নেতৃত্ব প্রয়োজন। আরিফুল ইসলাম দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন।
বিগত সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলার মুখোমুখি হওয়ার বিষয়ে নেতাকর্মীরা জানান, রাজনৈতিক দল পরিচালনা ও কর্মসূচি সফল করতে গিয়ে আরিফুল ইসলাম আরিফ একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।
আসন্ন মহানগর কমিটিতে ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের প্রাধান্য দেওয়া হলে দলের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড আরও মজবুত হবে বলে মনে করছেন তৃণমূলের একাংশ। তারা রাজপথের সক্রিয় ও নেতৃত্বদানে সক্ষম ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ঢাকা মহানগর বিএনপিকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।




Comments