ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে টাঙ্গাইলে এক ভয়াবহ ও আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। গভীর রাতে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে হেনস্তা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে ফারিন এই দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি জানান, গত ১৩ মে রাত আনুমানিক সোয়া তিনটার দিকে তারা জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে টাঙ্গাইলের একটি পেট্রোল পাম্পে তিনি ওয়াশরুম ব্যবহার করতে যান।
ঘটনার বর্ণনা দিয়ে ফারিন লেখেন, ‘ওয়াশরুমে ঢোকার কিছুক্ষণ পরই অনুভব করি আমার পেছনে কেউ রয়েছে। পরক্ষণেই তাকিয়ে দেখি, ভেন্টিলেটর দিয়ে দুটি হাত ঠিক আমার গলার কাছে।’
অভিনেত্রী আরও দাবি করেন, সময়মতো চিৎকার না করলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। তিনি বলেন, ‘হয়তো আমি সময়মতো চিৎকার না দিতাম, তাহলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করার পর ধর্ষণের চেষ্টা করত।’
ফারিনের চিৎকার শুনে তার গাড়ির চালক দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। চালক পরে জানান, তিনি এক ব্যক্তিকে ওয়াশরুমের পেছনের দিকে যেতে দেখেছিলেন, তবে শুরুতে বিষয়টি নিয়ে সন্দেহ করেননি।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। সাহসী ইমেজ ধরে রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে প্রচণ্ড ভীতি ও মানসিক যন্ত্রণায় ভুগছেন বলে জানান তিনি। নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারিন বলেন, দেশের নারীরা প্রতিনিয়ত অনিরাপদ পরিবেশের মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে এ ঘটনায় তার পেশা বা পোশাক নিয়ে ট্রল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিন খানের। বর্তমানে তিনি নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments